রমজানে নতুন স্মার্টফোন আনছে ভিভো

রমজানে নতুন স্মার্টফোন আনছে ভিভো
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৫  

পবিত্র রমজানকে সামনে রেখে নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি বাজারে আনার ঘোষণা দিয়েছে ভিভো। একই সঙ্গে সঙ্গীতশিল্পী মুজা ও জেফারের অংশগ্রহণে একটি বিশেষ ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’ প্রকাশের কথাও জানিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, রমজানের শান্ত পরিবেশ, ইফতারের পরের আড্ডা এবং ঈদকে ঘিরে পারিবারিক আনন্দ, এই অভিজ্ঞতাগুলোকে কেন্দ্র করেই গানটি তৈরি করা হয়েছে। তরুণদের আবেগ, বন্ধুত্ব ও উৎসবের অনুভূতিকে তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

ভিভোর ভাষ্য, ইফতার থেকে সেহরির প্রস্তুতি, রমজানের প্রতিদিনের মুহূর্তে সংযোগ ও আনন্দ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গানটি শুধু বিনোদনের জন্য নয়, বরং উৎসবের আবহ ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে নতুন ফোনটিতে ‘ফেস্টিভ রেড’ নামে একটি নতুন রঙ যুক্ত করা হয়েছে, যা ঈদের আবহ থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছে তারা।

ডিভাইসটিতে ৭,২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি থাকছে বলে দাবি করেছে ভিভো। কোম্পানির তথ্য অনুযায়ী, এতে দীর্ঘসময় চার্জ ব্যাকআপ পাওয়া যাবে, যা ছবি তোলা, ভিডিও দেখা ও যোগাযোগে সুবিধা দেবে।

ওয়াই৩১ডি মডেলের নকশা ও অন্যান্য বৈশিষ্ট্য শিগগিরই বিস্তারিতভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে রমজান উপলক্ষে প্রকাশিত গানটি শোনার আহবান জানিয়েছে ভিভো।

ডিবিটেক/এমআর/ইকে