উবারে গোপনে চালু হলো ইন-অ্যাপ ভিডিও রেকর্ডিং সুবিধা
উবার ভারতজুড়ে তাদের চালকদের জন্য ইন-অ্যাপ ভিডিও রেকর্ডিং ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। টেকক্রাঞ্চকে দেওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ চালকের গাড়িতে ড্যাশক্যাম না থাকায় নিরাপত্তাজনিত ঝুঁকি ও যাত্রীদের অসদাচরণের অভিযোগ মোকাবিলায় এই নতুন ফিচারটি আনা হয়েছে।
দিল্লি–এনসিআর এলাকার কয়েকজন উবার চালক জানিয়েছেন, অনেক সময় যাত্রীদের অসদাচরণ বা মিথ্যা অভিযোগের মুখে তাদের অ্যাকাউন্ট স্থগিত হওয়ার ঝুঁকি থাকে। এক চালক জানান, বিশেষ করে রাতের বেলায় নারী যাত্রীদের কেউ কেউ নিজেদের পছন্দমতো রুট অনুসরণ করতে জোর করেন, আর কথা না মানলে মিথ্যা অভিযোগ দেওয়ার হুমকি দেন।
চালকদের মতে, ইন-অ্যাপ ভিডিও রেকর্ডিং ফিচারটি এমন পরিস্থিতিতে প্রমাণ হিসেবে সাহায্য করতে পারে। তবে কিছু চালকের সন্দেহ—বিতর্কে যাত্রীদের স্বার্থই উবার বেশি গুরুত্ব দেবে কি না, কারণ যাত্রীরাই ভাড়া প্রদান করে এবং অসন্তুষ্ট হলে সহজেই অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে।
উবার জানিয়েছে, মে মাস থেকে ধাপে ধাপে চালু হওয়া এই পাইলট এখন ১০টি শহরে সক্রিয়—দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, হায়দরাবাদ, চণ্ডীগড়, কলকাতা, জয়পুর ও লখনৌ। যাত্রার সময় ভিডিও রেকর্ডিং চালু থাকলে যাত্রীদের আলাদা নোটিফিকেশন দেওয়া হয়।
উবারের এক মুখপাত্র জানান, সব রেকর্ডিং দ্বিগুণ এনক্রিপ্টেড থাকে এবং কারও পক্ষে—এমনকি উবারের পক্ষেও—এতে প্রবেশ করা সম্ভব নয়, যদি না ব্যবহারকারী নিজে থেকে কোনো নিরাপত্তা অভিযোগ দেওয়ার সময় তা শেয়ার করেন। এক সপ্তাহের মধ্যে শেয়ার না করলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
ভিডিও রেকর্ডিং ফিচারটি ২০২৩ সালে চালু হওয়া ইন-অ্যাপ অডিও রেকর্ডিংয়ের পরবর্তী উন্নয়ন। ২০২২ সালে প্রথম যুক্তরাষ্ট্রে পরীক্ষা হওয়া এই ভিডিও টুল ইতোমধ্যে কানাডা ও ব্রাজিলে ব্যবহৃত হচ্ছে।
ভারতের মতো বড় বাজারে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রেখে ফিচারটির বিস্তার উবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পাইলট পর্যায়ের ফলাফলের ওপর ভিত্তি করে ফিচারটি সারা ভারত বা অন্যান্য অঞ্চলে বিস্তৃত হবে কি না, তা নির্ভর করবে আগামী কয়েক মাসের মূল্যায়নের ওপর।
ডিবিটেক/বিএমটি



