ইন্টারনেট সুবিধা বাড়াতে ইন্দোনেশিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ 

ইন্টারনেট সুবিধা বাড়াতে ইন্দোনেশিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ 
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৫  

ইন্দোনেশিয়া সফলভাবে নুসান্তারা লিমা (এন–৫) স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা দেশের প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় ইন্টারনেট সেবা জোরদার করবে। স্যাটেলাইটটির মালিকানা রয়েছে পিটি স্যাটেলিট নুসান্তারা লিমার, যা পিটি পাশিফিক স্যাটেলিট নুসান্তারার সহপ্রতিষ্ঠান। এর উন্নয়নে অংশ নিয়েছে বোয়িং স্যাটেলাইট সিস্টেমস, হিউজ নেটওয়ার্ক সিস্টেমস ও স্পেসএক্স। খবর ওপেনগভ এশিয়া।

স্যাটেলাইটটি ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। এটি ১১৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথে অবস্থান করবে এবং ১৬০ জিবিপিএস সক্ষমতায় সমগ্র ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ও বিচ্ছিন্ন অঞ্চলে অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল ব্যবসার সুযোগ বাড়ানো সম্ভব হবে। 

এন–৫ এর আগে পালাপা এ১, নুসান্তারা সাতু ও সাত্রিয়া–১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি, যা ইন্দোনেশিয়ার ডিজিটাল সংযোগ বিস্তারের ধারাবাহিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নিল।

ডিবিটেক/বিএমটি