ডাকসু নির্বাচন ঘিরে অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগ ঢাবি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি মহল অনলাইনে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।
৬ আগস্ট, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এই প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেছেন, ‘আমরা দেখছি মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেক সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করবে। একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন চেষ্টা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা চাই সুন্দর পরিবেশে কোনও ধরনের সমস্যা ছাড়াই ডাকসু নির্বাচন হোক। আজকেও সেটির অগ্রগতি জানতে এসেছিলাম।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সরকার সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে সন্মানিত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাইবার আক্রমণ করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গ্রুপগুলো নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাখতে হবে। কারণ, এগুলোর মাধ্যমে থেকে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে।’







