ইন্টেলের শেয়ার নিতে চায় মার্কিন সরকার
সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেলে সরাসরি শেয়ার নেওয়ার বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র সরকার। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির যুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম, বিশেষ করে দীর্ঘদিন ধরে বিলম্বিত ওহাইও চিপ কারখানা সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
ঘটনাটি সামনে আসে মাত্র এক সপ্তাহ পর, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেন। রিপাবলিকান সিনেটর টম কটন ট্যানের চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার পর এ পদক্ষেপে চাপ বৃদ্ধি পায়।
গত ১১ আগস্ট ট্যান প্রশাসনের সঙ্গে বৈঠক করেন, যেখানে সম্ভাব্য সহযোগিতার পথ নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই সরকারের শেয়ার নেওয়ার আলাপ শুরু হয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে।
যদিও ইন্টেল সরাসরি এ বিষয়ে মন্তব্য করেনি, তবে এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উৎপাদন খাতে নেতৃত্ব জোরদারে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ডিবিটেক/বিএমটি







