অপতথ্য ছড়ানো রোধে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান ফেরদৌসী আহমেদ মিষ্টির

ডিআরইউতে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বল্প খরচে আধুনিক দাঁতের চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ডিআরইউতে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
১৮ জুলাই, ২০২৬ ১৫:৪৬  

কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি ও খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি প্রত্যেকে যার যার অবস্থান থেকে সঠিক কাজটি করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত এক বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মেডিপ্লাস ডেন্টাল হেলথ এবং ডক্টর মির্জাস ডেন্টাল কেয়ারের সার্বিক সহযোগিতায় এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

১৮ জুলাই, শনিবার সকালে সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফেরদৌসী আহমেদ মিষ্টি দেশের সার্বিক উন্নয়নে ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, "অপতথ্য কেউ যাতে ছড়াতে না পারে, সে দিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ থাকবে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ঠিক কাজটি করলেই বাংলাদেশ সুন্দর হবে। আমি দেশের জন্য কিছু করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। সবার আগে বাংলাদেশ। দেশকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন সাংবাদিকরা। আপনাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ডিআরইউ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। আমরা সহযোগিতা করবো।"

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মির্জা মহিবুল হাছান বলেন, "সদস্যরা চেম্বারে যাবেন, চিকিৎসা পাবেন। দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হলেও অল্প খরচে ভালো চিকিৎসা দেওয়া হবে। রাত ৮টা থেকে ১১টার মধ্যে চলে আসবেন।"

ডিআরইউর সাবেক সভাপতি এম শফিকুল করিম সাবু বলেন, "বিদেশে ইন্স্যুরেন্স থাকায় চিকিৎসা নিশ্চয়তা রয়েছে। বাংলাদেশে দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হলেও চিকিৎসার প্রতি গুরুত্ব দিতে হবে। সুস্থ থাকার জন্য দাঁতের যত্ন নিতে হবে।"

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, "আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা সদস্যদের স্বাস্থ্যসেবায় ডিআরইউ গুরুত্ব দিয়ে থাকে। সারা বছরই চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের প্রোগ্রাম নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ দাঁতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"

ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, স্থায়ী সদস্য মাহবুব জুয়েল এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য মোজাম্মেল হোসেন সেলিম। 

অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদি ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ ডিআরপি/এসএমই//