বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী ত্রুটিপূর্ণ পিলার, বিয়ারিং প্যাড ও প্রযুক্তিগত ঝুঁকি নিরসনে ডিএমটিসিএলের ৯ সদস্যের কমিটি গঠন
মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের ২৮ সুপারিশ বাস্তবায়ন শুরু
- ত্রুটিপূর্ণ পিলার ও বিয়ারিং প্যাড দ্রুত মেরামতের নির্দেশ হাইকোর্টের।
- সুপারিশ বাস্তবায়নে ডিএমটিসিএলের ৯ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন।
- আগামী ৩০ দিনের মধ্যে স্বল্পমেয়াদি আটটি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ
ঢাকা মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে হাই-কোর্টের নির্দেশে ২৮টি সুপারিশ বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (১৫ জুলাই, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামক এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। এরপর হাই-কোর্টের আদেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটি ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন আদালতে জমা দেয়।
হাই-কোর্ট প্রতিবেদন পর্যালোচনা করে ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি ও ১০টি দীর্ঘমেয়াদি—সর্বমোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া ভবিষ্যৎ প্রকল্পের জন্য ৬টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানায়, এসব নির্দেশনা তদারকিতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত হাই-কোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দেবে।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, হাই-কোর্ট এক মাসের মধ্যে স্বল্পমেয়াদি সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জানানোর আদেশ দিয়েছেন। প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে:
- অগ্রাধিকার ভিত্তিতে ৪২৩, ৪৪২, ৪৪৬ এবং ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড দ্রুত পরিবর্তন।
- পিলার ও বিমের ফাটল নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামত।
- স্টেশন ও বৈদ্যুতিক নিয়ন্ত্রণ কক্ষ জলমগ্ন হওয়া থেকে রক্ষা করা।
- রেললাইন পরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ ট্রেনের চলাচল বন্ধ রাখা।
- বিদ্যুৎ সরবরাহ লাইনের ত্রুটি দ্রুত শনাক্ত ও ঠিকাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করা।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এমআরটি লাইন-৬ পরিচালনা নিশ্চিত করা হবে।
//ডিবিটেক/ ডিএমও/ এমএসআই//





