কিস্তিতে টেকনোর নতুন ২ স্মার্টফোন দিচ্ছে বাংলালিংকের ‘টেকভ্যান’

কিস্তিতে টেকনোর নতুন ২ স্মার্টফোন দিচ্ছে বাংলালিংকের ‘টেকভ্যান’
২৪ মে, ২০২৬ ১৪:১৯  

সহজ কিস্তিতে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করছে বাংলালিংকের প্ল্যাটফর্ম ‘টেকভ্যান’। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে টেকনোর নতুন দুটি স্মার্টফোন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। মডেল দুটি হলো ‘টেকনো স্পার্ক ৫০’ এবং ‘স্পার্ক গো থ্রি’। এন্ট্রি-লেভেলের গ্রাহকদের জন্য আনা এই ফোন দুটির সঙ্গে থাকছে আকর্ষণীয় কিস্তি সুবিধা এবং এক বছরের ডেটা ও ভয়েস বান্ডেল অফার।

গ্রাহকদের সুবিধার্থে নির্ধারিত টেকনো ব্র্যান্ড রিটেইল আউটলেটগুলোতে ৯ মাসের কিস্তি সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে টেকনো স্পার্ক ৫০-এর দাম ১৯,৯৯৯ টাকা এবং টেকনো স্পার্ক গো থ্রি পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়।

বাংলালিংকের নতুন ও পুরোনো সব গ্রাহকই এই ফোন দুটি কিনলে ১ বছরের কানেক্টিভিটি প্যাকেজ পাবেন। এই অফারে থাকছে মোট ৮০ জিবি ইন্টারনেট, ৮০০ ভয়েস মিনিট এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ ব্যবহারের দারুণ সুযোগ। প্রথম মাসে গ্রাহকেরা পাবেন ২৫ জিবি ইন্টারনেট ও ২৫০ মিনিট। পরবর্তী ১১ মাস প্রতি মাসে ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট করে পাওয়া যাবে। দেশজুড়ে সব টেকনো আউটলেট ও বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে এই অফার মিলছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “দেশে ডিজিটাল সেবার প্রসারে স্মার্টফোনের দাম এখনো বড় বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি ও বান্ডেল অফারে আমরা স্মার্ট ডিভাইস সবার জন্য সহজলভ্য করছি। যোগাযোগ, শিক্ষা ও বিনোদনে স্মার্টফোন এখন জরুরি। সাশ্রয়ী ডিভাইসের সাথে দীর্ঘমেয়াদি ইন্টারনেট দিয়ে আমরা মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

/ডিবিটেক/ এমআর/ইকে/