সাবস্ক্রিপশন ফি বাড়াল ইউটিউব

সাবস্ক্রিপশন ফি বাড়াল ইউটিউব
১১ এপ্রিল, ২০২৬ ২০:০৫  
১১ এপ্রিল, ২০২৬ ১৬:০৬  

বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার পরিষেবা ইউটিউব প্রিমিয়ামের মূল্য বাড়িয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি। শুক্রবার (১০ এপ্রিল) প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়ামের মাসিক ফি ১৩.৯৯ ডলার থেকে বাড়িয়ে ১৫.৯৯ ডলার করা হয়েছে। ফ্যামিলি প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৬.৯৯ ডলার, যা আগে ছিল ২২.৯৯ ডলার।

২০১৮ সালে ইউটিউব রেড নামে চালু হওয়া এই পরিষেবায় সর্বশেষ ২০২৩ সালের মার্চে দাম বাড়ানো হয়েছিল। তখন মূল্য বাড়ানো হয়েছিল ১১.৯৯ ডলার থেকে ১৩.৯৯ ডলারে।

অন্যান্য পরিকল্পনার দাম পরিবর্তন:
ইউটিউব লাইট: কম দামের এই প্ল্যানটির দাম আগে ছিল ৬.৯৯ ডলার, বাড়িয়ে ৮.৯৯ ডলার করা হয়েছে। এই প্ল্যানে ইউটিউব মিউজিক প্রিমিয়ামের সুবিধা নেই এবং শর্টস ও মিউজিক কনটেন্টে বিজ্ঞাপন দেখা যায়।

স্ট্যান্ডঅ্যালোন ইউটিউব মিউজিক প্রিমিয়াম: এর দাম ১ ডলার বেড়ে হয়েছে ১১.৯৯ ডলার।

দাম বাড়ানোর কারণ
স্পটিফাই, নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সঙ্গতি রেখেই ইউটিউবের এই দাম বাড়ানোর সিদ্ধান্ত। ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, “এই পরিবর্তন আমাদের সদস্যদের সবচেয়ে মূল্যবান ফিচারগুলো টিকিয়ে রাখতে সাহায্য করবে, যেমন বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ড প্লে এবং ইউটিউব মিউজিকের ৩০ কোটির বেশি ট্র্যাকের বিশাল লাইব্রেরি।”

গত বছর ইউটিউব জানিয়েছিল, তাদের ইউটিউব মিউজিক ও প্রিমিয়াম পরিষেবায় বিশ্বব্যাপী গ্রাহক সংখ্যা ১২.৫ কোটিতে পৌঁছেছে, যা ২০২৪ সালের ১০ কোটির চেয়ে বেশি। প্রতিষ্ঠানটি মনে করে, স্ট্রিমিং পরিষেবার চাহিদা বাড়তে থাকায় দাম বাড়ানোর এটাই সঠিক সময়। তবে ভবিষ্যতে আরও দাম বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেয়নি প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স