চাঁদের কক্ষপথে পৌছালো আর্টেমিস-২

চাঁদের কক্ষপথে পৌছালো আর্টেমিস-২
৬ এপ্রিল, ২০২৬ ১৫:৪৭  

ঐতিহাসিক আর্টেমিস-২ অভিযানের ওরিয়ন মহাকাশযান চাঁদের ‘স্ফিয়ার অব ইনফ্লুয়েন্সে’ প্রবেশ করেছে। এর মানে এখন পৃথিবীর চেয়ে চাঁদের মাধ্যাকর্ষণই ওরিয়নের ওপর বেশি প্রভাব ফেলছে। অভিযানের চার দিন ছয় ঘণ্টা দুই মিনিটের মাথায় চাঁদ থেকে ৩৯ হাজার মাইল দূরত্বে এই রূপান্তর ঘটে। আগামীকাল চাঁদের দূরবর্তী পাশ দিয়ে ওরিয়ন অতিক্রম করবে, যেখানে যাওয়া মানবজাতির ইতিহাসে আর কেউ যায়নি।

অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পা দিয়েছে নভোচারীরা। ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী – রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কখ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হ্যানসেন এখন চাঁদকে কেন্দ্র করে ঘুরছেন। ইতিমধ্যেই তারা অ্যাপোলো ১৩-এর নভোচারীদের করা রেকর্ড ভেঙে দিয়েছেন। অ্যাপোলো ১৩ পৃথিবী থেকে সর্বোচ্চ ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিল। আর্টেমিস-২ তা ছাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরত্ব অতিক্রম করবে।

আগামীকাল চাঁদের চারপাশ ঘুরতে গিয়ে নভোচারীরা প্রায় ছয় ঘণ্টা পর্যবেক্ষণ চালাবেন। ওই সময় ওরিয়ন যখন চাঁদের পেছনে চলে যাবে, তখন কিছুক্ষণের জন্য পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 

নাসা জানিয়েছে, চাঁদ থেকে ওরিয়নের সবচেয়ে কাছে থাকা অবস্থান হবে ৪ হাজার ৬৬ মাইল দূরত্বে, সেটি স্থানীয় সময় বিকেল ৭টা ২ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ২ মিনিট)। সেখান থেকে তারা চাঁদের পুরো ডিস্ক দেখতে পাবেন, যার মধ্যে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলও থাকছে। তার আগে তারা প্রায় এক ঘণ্টা সূর্যগ্রহণও প্রত্যক্ষ করবেন।

চার নভোচারী এখন চাঁদের পথে। তাদের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখার জন্য সারা পৃথিবী তাকিয়ে আছে।

ডিবিটেক/বিএমটি  । সূত্র : এনগ্যাজেট