ইনস্টাগ্রাম প্লাস: বিশেষ সুবিধা পেতে দিতে হবে মাসিক ফি

ইনস্টাগ্রাম প্লাস: বিশেষ সুবিধা পেতে দিতে হবে মাসিক ফি
৩১ মার্চ, ২০২৬ ১৬:৫৫  

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ফিচারসহ একটি নতুন সাবস্ক্রিপশন সেবা চালুর পরীক্ষা করছে মেটা। সম্প্রতি ফিলিপাইন ও মেক্সিকোর কিছু ব্যবহারকারীর স্ক্রিনশটে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের এই সাবস্ক্রিপশনের প্রমাণ মিলেছে। খবর এনগ্যাজেট।

সাবস্ক্রিপশন নিলে স্টোরিজ নিয়ে বেশ কয়েকটি ফিচার পাবেন ব্যবহারকারীরা। এর মধ্যে রয়েছে— স্টোরিজ ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রাখার সুযোগ, পুনরায় দেখা হয়েছে এমন ব্যক্তিদের তালিকা দেখা, ভিউয়ার লিস্ট সার্চ করা, কারো স্টোরিজ ‘গোপনে দেখা’ (যাতে ভিউয়ার লিস্টে নাম না দেখায়) এবং ‘স্পটলাইট’ স্টোরিজ তৈরির সুবিধা। এছাড়া স্টোরিজের প্রতিক্রিয়ায় বিশেষ ‘সুপার হার্টস’ ব্যবহারেরও সুযোগ থাকবে।

মেটার এক মুখপাত্র এনগ্যাজেটকে জানান, বর্তমানে কয়েকটি দেশে এই সেবা পরীক্ষা করা হচ্ছে। ফিলিপাইনে মাসিক ফি রাখা হয়েছে ৬৫ পেসো (প্রায় ১.০৭ ডলার), আর মেক্সিকোতে ৩৯ মেক্সিকান পেসো (প্রায় ২.১৫ ডলার)। ব্যবহারকারীরা এক মাস বিনামূল্যে ট্রায়াল নিতে পারবেন।

ইনস্টাগ্রাম প্লাস স্ন্যাপচ্যাট প্লাসের আদলে তৈরি, যা ২০২২ সালে চালু হওয়ার পর থেকে লক্ষাধিক গ্রাহক পেয়েছে এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনের বাইরে আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।

মেটা জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে তারা বুঝতে চাইছে, প্রিমিয়াম ফিচার সেট হিসেবে ব্যবহারকারীদের কাছে কী সবচেয়ে মূল্যবান। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন আরও জোরদার করেছে এবং কিছু ফিচার শুধু সাবস্ক্রাইবারদের জন্যই সীমাবদ্ধ রাখার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

ডিবিটেক/বিএমটি