সাত ঘণ্টার বেশি অচল ডিপসিক
চীনের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ডিপসিকে রেকর্ড দীর্ঘ সময় ধরে সেবা বিঘ্ন ঘটেছে। রবিবার (২৯ মার্চ) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চ্যাটবটটির ওয়েব ও অ্যাপ সেবা বন্ধ ছিল। ডিপসিকের স্ট্যাটাস পেজ অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৩৩ মিনিটে সমস্যা সমাধান করা হয়। সেবা বিঘ্নের সময়কাল ছিল ৭ ঘণ্টা ১৩ মিনিট। খবর রয়টার্স।
প্রকৃতপক্ষে সেবা বিঘ্নটি আরও দীর্ঘস্থায়ী হয়েছিল। রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রথম সমস্যা শনাক্ত হয় এবং বারবার মেরামতের চেষ্টার পর পরের দিন সকাল ১০টার দিকে সব ঠিক হয়। গত বছরের জানুয়ারিতে ভাইরাল হওয়ার পর এটাই দীর্ঘতম সেবা বিভ্রাটের ঘটনা।
কোম্পানির নিয়ম অনুযায়ী বিঘ্নের কারণ জানানো হয়নি। সাধারণ মানুষের সরাসরি ব্যবহারের জন্য ডিপসিকের ওয়েবপেজ আগে কখনো দুই ঘণ্টার বেশি অচল ছিল না। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ডেভেলপারদের জন্য এপিআই পরিষেবা বেশ কয়েকদিন ধরে ব্যাহত হয়েছিল।
উল্লেখ্য, ডিপসিকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি। সেবা ব্যাহত হওয়ার সময় একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী অ্যাপে প্রবেশের চেষ্টা করায় সমস্যা আরও বেড়ে যায়।
বিশ্বের এআই শিল্প ডিপসিকের পরবর্তী প্রজন্মের মডেলের অপেক্ষায় রয়েছে। কিন্তু কোম্পানিটি কবে এই মডেল আসবে তার কোনো ইঙ্গিত দেয়নি।
ডিবিটেক/বিএমটি



