বেজোসের সিদ্ধান্তে কপাল পুড়ল ওয়াশিংটন পোস্টের
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত ফেব্রুয়ারিতে সংবাদকক্ষের ৪৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর ৬০ হাজারের বেশি গ্রাহক হারিয়েছে। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য র্যাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোসের নেতৃত্বে এই ব্যাপক ছাঁটাই কার্যক্রম চালানো হয়। বেজোসের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাহী সম্পাদক ম্যাট মারেকে অন্তত নভেম্বর থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে এই ছাঁটাই হবে। প্রধান নির্বাহী উইল লুইসের প্রস্থানের পরও মারে এই দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
বেজোসের পরিকল্পনা ছিল সংবাদকক্ষের বাজেট অর্ধেকে নামিয়ে আনা এবং অবশিষ্ট কর্মীদের উৎপাদনশীলতা দ্বিগুণ করা, পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার মতো মূল অংশগুলো ঠিক রাখা। মারেকে এই চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি ছাঁটাইয়ের পর এক বিবৃতিতে বেজোস জানান, ওয়াশিংটন পোস্টের অপরিহার্য সাংবাদিকতা মিশন এবং অসাধারণ সুযোগ রয়েছে। তবে তিনি উইল লুইসের প্রসঙ্গ উল্লেখ করেননি। জেফ ডি’অনোফ্রিওকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ও প্রকাশক নিয়োগ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বেজোসের এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং ক্রমাগত গ্রাহক হারানোর ধারা অব্যাহত থাকে। ওয়াশিংটন পোস্টের একজন মুখপাত্র ৬০ হাজার গ্রাহক হারানোর তথ্য অস্বীকার করলেও বিকল্প কোনো সংখ্যা জানাতে রাজি হননি।
উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের এই অবস্থা চলতি বছর মার্কিন সংবাদমাধ্যমের সংকটেরই প্রতিফলন। বাইডেন প্রশাসনের সময় সংবাদমাধ্যমের প্রতি আস্থা বাড়লেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আবারও তা হ্রাস পাচ্ছে। সংবাদমাধ্যমের ওপর চাপ ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর আধিপত্যের কারণে ট্র্যাফিক কমছে এবং সাংবাদিকতার বাণিজ্যিক মডেল চ্যালেঞ্জের মুখে পড়ছে।
ডিবিটেক/বিএমটি



