নেটফ্লিক্সকে আটকাতে প্যারামাউন্টের বাড়তি দর প্রস্তাব
প্যারামাউন্ট স্কাইড্যান্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের জন্য নতুন ও উচ্চতর প্রস্তাব জমা দিয়েছে। নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নারের চুক্তি ভেস্তে দিতেই এই উদ্যোগ। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির প্রাথমিক প্রস্তাব ছিল ১০৮ দশমিক ৪ বিলিয়ন ডলার বা শেয়ারপ্রতি ৩০ ডলার নগদ মূল্যের। নতুন প্রস্তাবে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে। তবে সংশোধিত প্রস্তাবের বিশদ বিবরণ এখনই জানা যায়নি।
গত জানুয়ারিতে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সকে কেনার প্রস্তাব দেয়। শেয়ারপ্রতি ২৭ দশমিক ৭৫ ডলার নগদ অর্থে মোট ৮২ দশকি ৭ বিলিয়ন ডলারের এই প্রস্তাবে ‘হ্যারি পটার’ ও ‘গেম অব থ্রোনস’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়ার্নারের শেয়ারহোল্ডাররা আগামী ২০ মার্চ নেটফ্লিক্সের প্রস্তাবের পক্ষে ভোট দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্যারামাউন্টের নতুন প্রস্তাব শেয়ারহোল্ডারদের মত বদলে দিতে পারে।
প্যারামাউন্টের প্রস্তাব বাস্তবায়িত হলে এটি ডিজনির চেয়েও বড় স্টুডিও তৈরি করবে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিযোগিতা কমিশনের কঠোর অনুমোদন প্রক্রিয়ার মুখে পড়তে হবে এই চুক্তি। এরই মধ্যে অ্যাংকোরা ক্যাপিটালের মতো সক্রিয় বিনিয়োগকারী সংস্থাগুলো ওয়ার্নার ব্রাদার্সের ওপর প্যারামাউন্টের সঙ্গে আলোচনায় বসার জন্য চাপ সৃষ্টি করছে ।
ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, প্যারামাউন্টের ১০ ফেব্রুয়ারির প্রস্তাব তাদের বোর্ড ‘উচ্চতর প্রস্তাব’ হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট নয়। ফলে প্যারামাউন্টকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে সংশোধিত প্রস্তাব দিতে বলা হয়। নতুন প্রস্তাবের বিষয়ে ওয়ার্নার ও প্যারামাউন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ।
ডিবিটেক/বিএমটি







