অফিসে ফেরার নীতির সমালোচনায় কর্মী বরখাস্ত, বিতর্কে ইউবিসফট
অফিসে উপস্থিতি বাধ্যতামূলক বা ‘রিটার্ন টু অফিস’ (আরটিও) নীতির প্রকাশ্য সমালোচনার পর এক কর্মীকে বরখাস্ত করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। তবে কোম্পানির দাবি, মতামত প্রকাশের কারণে কাউকে চাকরিচ্যুত করা হয় না। খবর এনগ্যাজেট।
বরখাস্ত হওয়া কর্মীর নাম ডেভিড মিশো-ক্রম্প। তিনি ইউবিসফট মন্ট্রিয়ালের লেভেল ডিজাইন টিম লিড ছিলেন। গত সপ্তাহে তিনি জানান, আরটিও নীতির বিরোধিতা করায় তাকে তিন দিনের জন্য বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এরপর সোমবার লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাৎক্ষণিকভাবে তার চাকরি বাতিল করা হয়েছে। তিনি লেখেন, এটি তার নিজের সিদ্ধান্ত ছিল না।
এ বিষয়ে ইউবিসফটের এক মুখপাত্র কোটাকুকে বলেন, সম্মানজনকভাবে মতামত জানানো কখনোই বরখাস্তের কারণ নয়। তবে কোম্পানির আচরণবিধি ভঙ্গ হলে তার ধরন, গুরুত্ব ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে কর্মীসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ইউবিসফট একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। হ্যালিফ্যাক্স স্টুডিওতে কর্মীরা ইউনিয়ন গঠনের পর সেটি বন্ধ করে দেওয়া, ব্যয় সংকোচনের নামে একের পর এক চাকরি ছাঁটাই এবং কাজের পরিবেশ অবনতি নিয়ে ইউনিয়নগুলোর ধর্মঘটের ডাক—সব মিলিয়ে প্রতিষ্ঠানটির শ্রমনীতি নিয়ে প্রশ্ন উঠছে।
ডিবিটেক/বিএমটি



