এআইয়ে জোর দিতে বন্ধ হচ্ছে ‘অ্যাডোবি অ্যানিমেট’
কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর পণ্যে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দুই দশকের বেশি পুরোনো টু-ডি অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১ মার্চ ২০২৬ থেকে সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে সোমবার অ্যাডোবির সহায়তা ওয়েবসাইটে নোটিস দেওয়া হয় এবং গ্রাহকদের ই–মেইলেও জানানো হয়। খবর টেকক্রাঞ্চ।
অ্যাডোবির তথ্য অনুযায়ী, করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকেরা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্য গ্রাহকদের জন্য সহায়তা মিলবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।
সিদ্ধান্তটি ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। অনেকেই বলছেন, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প বাজারে খুব কমই আছে।
একটি ব্যাখ্যায় অ্যাডোবি জানায়, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি এসেছে, যা বর্তমান ব্যবহারকারীদের চাহিদা ভালোভাবে পূরণ করছে। বিশ্লেষকদের মতে, এতে স্পষ্ট যে অ্যাডোবির ভবিষ্যৎ কৌশলের কেন্দ্রবিন্দুতে এখন এআই–ভিত্তিক পণ্য।
ডিবিটেক/বিএমটি



