একীভূত হলো মাস্কের এআই ও মহাকাশ স্বপ্ন

একীভূত হলো মাস্কের এআই ও মহাকাশ স্বপ্ন
৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৯  

বিশ্বের সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তিতে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই কিনে নিয়েছে স্পেসএক্স। সোমবার মাস্ক জানান, এই চুক্তির মাধ্যমে এআই ও মহাকাশ প্রযুক্তিকে একীভূত করার তাঁর দীর্ঘদিনের লক্ষ্য আরও এক ধাপ এগোল। খবর রয়টার্স।

খবরে বলা হয়, চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন ধরা হয়েছে ১ ট্রিলিয়ন ডলার এবং এক্সএআইয়ের মূল্য ২৫০ বিলিয়ন ডলার।

এই অধিগ্রহণে এক্সএআইয়ের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের বিপরীতে স্পেসএক্সের ০.১৪৩৩ শেয়ার পাবেন। কিছু নির্বাহী চাইলে নগদ অর্থও নিতে পারবেন। 

চুক্তির ফলে গ্রোক চ্যাটবট নির্মাতা এক্সএআইয়ের এআই সক্ষমতা স্পেসএক্সের রকেট ও স্যাটেলাইট অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে, যা ডেটা সেন্টার ও মহাকাশভিত্তিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করতে পারে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য আইপিওর আগে এই একীভূতকরণ মাস্কের ব্যবসা সাম্রাজ্যকে আরও সংহত করল। তবে একাধিক প্রতিষ্ঠানে মাস্কের নেতৃত্ব এবং সরকারি চুক্তির কারণে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারি আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি