গুলশান কার্যালয়ের সামনে অবস্থানরত এনইআইএর বিরোধীদের কথা শুনেছেন তারেক রহমান
ক্ষমতায় গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্ট্রার (এনইআইআর) পুনর্বিবেচনা করবে বলে দাবি করেছে আন্দোলনরত মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এই গ্রুপটির ভাষ্য, ‘বিএনপি নির্বাচিত হলে এনইআইআর সংস্কারের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।’
তবে এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের দফতর থেকে এ ধরনের কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়ার কথা জানা যায়নি। কেবল জানানো হয়েছে, মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ হয়েছে এবং তিনি তাদের সমস্যাগুলো শুনেছেন।
জানাগেছে, পরিবার-পরিজন নিয়ে আন্দোলনরত মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) কয়েকজন সদস্য ১৮ জানুয়ারি, রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ে প্রবেশের মুহূর্তে বিষয়টি নজরে এলে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান গাড়ি থেকে নেমে তাদের কথা শোনেন। পরে তাদের ৪ সদস্যের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে অনির্ধারিত বৈঠক করেন।
এমবিসিবির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, এমবিসিবি যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল বিক্রেতা মাসুদুর রানা এই বৈঠকে অংশ নেন।
এদেরই একজন আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, বিকেলে পরিবার-পরিজন নিয়ে তারা বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেলেন। এসময় কার্যালয়ে ঢোকার সময় তাদের দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে চারজন প্রতিনিধিকে ভেতরে ডেকে বৈঠকে আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারপর্সন তারেক রহমান। সন্ধ্যা ৬টার কিছু পর বৈঠক শুরু হয়। বৈঠকে তারেক রহমানের কাছে একটি নথি দেয়া হলে সেটি একজন প্রতিনিধিকে বিশ্লেষণের দায়িত্ব দেন।
ডিবিটেক/এইচএম/বিটিও







