দেশের মাটি স্পর্শের আগে তারেক জিয়ার ৩ পোস্ট

দেশের মাটি স্পর্শের আগে তারেক জিয়ার ৩ পোস্ট
২৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭  

 আকাশপথে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীর্ঘ দেড় যুগ পর ২৫ ডিসেম্বর, বড়দিনে দেশে ফিরলেন তিনি। দেশের আকাশ স্পর্শ করতেই সকাল ৯: ৩৪ মিনিটে সোশ্যাল হ্যান্ডেলে দ্বিতীয় অভিব্যক্তি প্রকাশ করে লিখলেন দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে! সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বেলা ১১টা ৩৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের মধ্য দিয়ে ফের ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় ফিরলেন। 

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।ভিআইপি লাউঞ্জের আনুষ্ঠানিকতা শেষ করে বুলেট প্রুফ গাড়িতে করে তারেক রহমান যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। সেখানে মঞ্চে উঠে নেতা-কর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। 

এর আগে ৫টা ১৫ মিনিটে প্রথম পোস্টে লিখেন ‘ফেরা’। সেখানে জুড়ে দেন বিমানে বসার নিজের ছবি। দেশের মাটি স্পর্শ করতে সেই পোস্টটি ৫ লাখ ৩৬ হাজারের মতো রিয়্যাকশন, ৮৫ হাজারের মতো কমেন্ট এবং ৩৪ হাজারের মতো শেয়ার হয়। এর ৪ ঘণ্টা পর, ৯টা ৩৪ মিনিটে বিমানের বাইরের আকাশে তাকিয়ে থাকা একটি ছবি দিয়ে লেখেন- ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’। তৃতীয় পোস্ট দেয়ার আগ পর্যন্ত ৫২৮টি রিয়্যাকশন দেন নেটিজেনরা। মন্তব্য করেন ৯০ হাজারের মতো। শেয়ার হয় ৫৫ হাজার বার।  ১০টা ১৮ মিনিটে তৃতীয় পোস্টে শেয়ার করেন স্ত্রীর ছবিও। সেখানে লিখেন- “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”।  ঢাকার মাটি স্পর্শের আগ পর্যন্ত ৩হাজার রিয়্যাকশন দেখা যায় পোস্টটিতে। ৫০ হজারের মতো মন্তব্যের মধ্যে বেশির ভাগ মন্তব্যই ছিলো, ‘আলহামদুলিল্লাহ’, ‘অভিনন্দন’ ও ‘স্বাগতম’ জানানোর পাশাপাশি তাকে নসিহতও করেছেন শুভানুধ্যায়ীরা।  এই যেমন মাম আহমেদ নামের অপর একজন লিখেছেন, স্বাগতম। তবে জুলাই কে ভুলে যায়েন না।এই তরুণ প্রজন্মের কারনে আপনে আজ দেশের মাটিতে। আবার কোনো কোনো অ্যাকাউন্ট থেকে করা হয়েছে তীর্যক সমালোচনাও। আছে এমডি নুয়ীদ মিয়ার লেখা- “তারেক জিয়ার দেশে ফিরছে 17 বছর পরে কিন্তু শেখ হাসিনার দেশে ফিরতে 17 বছর লাগবে না” টাইপের মন্তব্য। 

২৪ হাজারের মতো শেয়ার হওয়া পোস্টটির নিচে  সাজিদ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘আমাদের সিলেটের দুলাভাই, সবার আগে সিলেটে-ই আইছোইন’। আবার সুমন সরদার নামে অপর একজন লিখেছেন, “বোগরার ছোল, আসিচ্ছে হামরা মহাখুশি”। শামীমা আক্তারের ‘আইলারে নয়া দামান আসমানের ও চান’ মন্তব্য। 

ডিবিটেক/এমইউএম/ইক