এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে ১ জানুয়ারি

এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে ১ জানুয়ারি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৮  

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের দিন ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

দেশের সকল মোবাইলফোন ব্যবসায়ীদের  আগে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটসমূহের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। 

১৫ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ টেলিযাগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এতে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, National Equipment Identity Register (NEIR) সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সকল মোবাইলফোন ব্যবসায়ী কর্তৃক ইতঃপূর্বে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছিলো। লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। যে সকল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর তারিখের পরিবর্তে আগামী ১ জানুয়ারিতে NEIR সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
ডিবিটেক/বিটিআরসি/ইকে