২০২৭ সালের মধ্যে ৪০% এজেন্টিক এআই প্রকল্প বাতিল হবে: গার্টনার
বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, খরচ বৃদ্ধি ও অস্পষ্ট ব্যবসায়িক সুবিধার কারণে ২০২৭ সালের মধ্যে ৪০ শতাংশের বেশি এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্প বাতিল হয়ে যাবে। খবর রয়টার্স।
এই ধরনের এআই নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পাদনে সক্ষম হলেও বর্তমানে অধিকাংশ প্রকল্প শুধুমাত্র ধারণা পর্যায়ে রয়েছে এবং বাস্তব প্রয়োগে তেমন কার্যকর নয়। গার্টনারের বিশ্লেষক অনুশ্রী বর্মা জানান, অধিকাংশ উদ্যোগ এখনো পরিণত নয় এবং জটিল ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সক্ষম নয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বর্তমানে হাজার হাজার এজেন্টিক এআই সরবরাহকারীর মধ্যে প্রকৃত সক্ষমতা রয়েছে মাত্র ১৩০টির। অনেক প্রতিষ্ঠান কেবল প্রচারণার জন্যই সাধারণ এআই অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটবটকে এজেন্টিক আকারে উপস্থাপন করছে।
তবে ২০২৮ সালের মধ্যে এজেন্টিক এআই-এর মাধ্যমে প্রতিদিনের কমপক্ষে ১৫% সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হবে এবং ৩৩% সফটওয়্যার অ্যাপ্লিকেশনে এটি সংযুক্ত থাকবে বলে গার্টনার পূর্বাভাস দিয়েছে।
ডিবিটেক/বিএমটি







