দুই-গ্রাহকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আনছে ইউটিউব 

দুই-গ্রাহকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আনছে ইউটিউব 
৬ মে, ২০২৫ ১১:২৯  
৬ মে, ২০২৫ ১১:২৯  

ইউটিউব পরীক্ষামূলকভাবে নতুন একটি দুই-ব্যক্তির প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, এই প্ল্যানটি বর্তমানে সীমিত পরিসরে ভারত, ফ্রান্স, হংকং ও তাইওয়ানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

প্রথমে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোলে প্রকাশিত এই সংবাদের সত্যতা নিশ্চিত করে ইউটিউব এক বিবৃতিতে জানায়, “আমরা ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য আরও নমনীয়তা ও মূল্যসাশ্রয়ী সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করছি। এরই অংশ হিসেবে, নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে দুই-ব্যক্তির প্রিমিয়াম প্ল্যান চালু করা হয়েছে, যাতে দুজন গ্রাহক একত্রে একটি সাবস্ক্রিপশন শেয়ার করতে পারেন।”

এই প্ল্যানটির মাধ্যমে যারা একই ঠিকানায় বসবাস করেন, তারা তুলনামূলকভাবে কম খরচে ইউটিউব প্রিমিয়ামের সকল সুবিধা, যেমন বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো ও অফলাইন প্লেব্যাকের মতো সেবা উপভোগ করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ইউটিউবের গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধিতেও সহায়ক হবে। অতীতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মূল্যবৃদ্ধির ফলে যারা তাদের সাবস্ক্রিপশন বাতিল করেছিলেন, তারা এই নতুন পরিকল্পনার আওতায় পুনরায় সাবস্ক্রাইব করতে আগ্রহী হতে পারেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ইউটিউব 'প্রিমিয়াম লাইট' নামক একটি নতুন সাবস্ক্রিপশন টিয়ার চালু করে, যার মাধ্যমে প্রতি মাসে ৭.৯৯ মার্কিন ডলারে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি ও থাইল্যান্ডে চালু রয়েছে।

বর্তমানে ইউটিউব মিউজিক ও ইউটিউব প্রিমিয়াম মিলিয়ে বিশ্বব্যাপী ১২ কোটি ৫০ লক্ষেরও বেশি ব্যবহারকারী এই সেবা ব্যবহার করছেন, যার মধ্যে ট্রায়াল গ্রাহকরাও অন্তর্ভুক্ত।

ডিবিটেক/বিএমটি