লামায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব

২৬ আগষ্ট, ২০১৯ ০৮:৪৭  
বান্দরবানের লামা উপজেলায় গিঠন করা হয়েছে ‘উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব’। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর সহযোগিতায় এবং লামা উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবটি করা হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে রোববার (২৫ আগস্ট) দুপুরে লামা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয়তলায় ক্লাবটির উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন সাঈদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন সাঈদী, সহকারী শিক্ষক জাহানারা বেগম, ফরহাদ হায়দার সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা পর্যায়ের জনসাধারণকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতন ও জনপ্রিয় করে গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাস্তব ধারনা প্রদান, কৃষি-স্বাস্থ্য সহ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ব্যবহারে উৎসাহ, শিশু-কিশোর-তরুণসহ উদ্যোগী সকলকে বিজ্ঞান ও প্রযুক্তিধর্মী উদ্ভাবনীমূলক কাজে সার্বিক সহযোগিতা, বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদশর্নী, বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদশর্নী এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কৃতি ব্যক্তিদের পুরস্কৃত করা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা ও প্রকাশনার ব্যবস্থা করা, স্থানীয় পর্যায়ে জাদুঘর, বিজ্ঞান গবেষণাগার ও লাইব্রেরী প্রতিষ্ঠা, মহাকাশ বিষয়ে জনসাধারণের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উন্নয়নে সেবামূলক প্রকল্প প্রণয়ন করতে এই ক্লাবের সৃষ্টি করা হয়েছে। তিনি সবাইকে বিজ্ঞানের সুফল গ্রহণ ও বিজ্ঞানের অপব্যবহার রোধে এগিয়ে আসতে অনুরোধ করেন।