আইএমএসও ২০২৬-এর জন্য বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
লক্ষ্য এবার ইন্দোনেশিয়া
বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (BdMSO) ২০২৬-এর নিবন্ধন শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমেই আইএমএসও ২০২৬-এর জন্য বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের অন্যতম বৃহৎ গণিত ও বিজ্ঞানভিত্তিক মেধা যাচাইয়ের আয়োজন ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (BdMSO) ২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোসাইটি ফর দ্য পপুলাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করছে।
এই অলিম্পিয়াডের মাধ্যমে আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (IMSO 2026)-এর জন্য বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে। আয়োজকদের মতে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আইএমএসও বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অলিম্পিয়াড।
অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের বয়স ১৩ বছরের নিচে হতে হবে এবং জন্ম তারিখ ১ অক্টোবর ২০১৩-এর পর হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীকে সর্বোচ্চ ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। আয়োজকরা জানিয়েছেন, ব্রিটিশ কারিকুলাম বা সমমানের ইংরেজি মাধ্যমের যেসব শিক্ষার্থী আগস্ট-এ সপ্তম শ্রেণিতে উন্নীত হবে, তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
এবারের আয়োজনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। ‘অলিম্পিয়াড’ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অন্যদিকে তৃতীয় শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য থাকছে ‘কুইজ’ ক্যাটাগরি, যেখানে বিজ্ঞান ও গণিতভিত্তিক কৌতূহল-উদ্দীপক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কুইজ ক্যাটাগরির বিজয়ীরা জাতীয় আবাসিক ক্যাম্প বা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে না।
গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসও-তে বাংলাদেশ জাতীয় দল শতভাগ সাফল্য অর্জন করে। দেশের হয়ে অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জয় করে, যার মধ্যে ছিল দুটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক।
বিডিওএসএন ও এসপিএসবির সভাপতি মুনির হাসান বলেন, “আমাদের লক্ষ্য শুধু মুখস্থভিত্তিক শিক্ষা নয়; বরং শিশুদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, অনুসন্ধিৎসু মন গড়ে তোলা এবং যৌক্তিক চিন্তাশক্তি বিকাশে সহায়তা করা।”
আগামী ৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর—এই চারটি অঞ্চলে একযোগে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান—প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার সময় থাকবে ৬০ মিনিট।
জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগস্ট মাসেই জাতীয় আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে হাতে-কলমে ল্যাব কার্যক্রম, সমস্যা সমাধান এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পরে টিম সিলেকশন টেস্ট (টিএসটি)-এর মাধ্যমে গণিত ও বিজ্ঞান বিভাগে ছয়জন করে মোট ১২ সদস্যের বাংলাদেশ জাতীয় দল গঠন করা হবে, যারা আইএমএসও ২০২৬-এ দেশের প্রতিনিধিত্ব করবে।
আগ্রহী শিক্ষার্থীরা অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন কার্যক্রম চলবে ৩১ জুলাই পর্যন্ত।
//ডিবিটেক/টিআরবি/এনএএম//





