টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন টেলিকম মন্ত্রীর
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ এপ্রিল, বৈশাখের প্রথম দিনে মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হচ্ছে। এ দিন সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম টাঙ্গাইল সফর।
অপরদিকে কৃষকদের ডিজিটাল পরিচয় নিশ্চিতকরণ এবং সরকারি সেবা সহজলভ্য করতে চালু হতে যাওয়া এই কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৩ এপ্রিল, সোমাবর এই পরিদর্শনের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও তার সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে কথা বলেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
এরপর জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
একইসঙ্গে এই কার্য কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম প্রমুখ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে।
সূত্রমতে, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের পর একই দিন টাঙ্গাইল জেলার পৌর উদ্যানে কৃষি মেলারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে টাঙ্গাইল পৌঁছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট ১ হাজার ৪৭০ জন কৃষক প্রি-পাইলটিং পর্যায়ে এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে ১০০ জন কৃষক প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। ১৫ জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী সরাসরি আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেবেন।
ডিবিটেক/জেডইউ/ইকে







