জনপ্রত্যাশা পুরণে ভূমির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দিলেন মন্ত্রী

জনপ্রত্যাশা পুরণে ভূমির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের  তাগিদ দিলেন মন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:৪৭  

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স। পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আগাত ৭৫ জনের মতো কর্মকর্তা। 

২৯ মার্চ, রবিবার সকালে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।  এসময় প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পুরণে কর্মকর্তাদের কাজ করতে তাগিদ দেন  ভূমি মন্ত্রী।

প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর ও এনআইডি দিয়ে ঘরে বসেই অনলাইনে নামজারি (e-Mutation), খতিয়ান/পর্চা উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং মৌজা ম্যাপ প্রাপ্তির সুযোগ রয়েছে। 'ভূমি সেবা' অ্যাপ ব্যবহার করে নাগরিকরা নামজারি আবেদন, ডিসিআর ফি পরিশোধ এবং খতিয়ান যাচাইসহ নানা সুবিধা পাচ্ছেন। এই ব্যবস্থায় হয়রানি কমে স্বচ্ছতা বাড়লেও অনেক নাগরিকই এই সুবিধার সাথে সংযুক্ত নন।

তাদেরকেও সমান ভাবে সেবার অধীনে আনতে কর্মকর্তাদের তৎপর হওয়ার তাগিদ দিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তাদেরকে মানুষের এ সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রিয় বাংলাদেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, আমাদের সরকার বারবার বলে আসছে যে, স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমি সেবা দিতে পারি।

মিজানুর রহমান মিনু বলেন,  এমন কোন কর্মকাণ্ড যেন আমরা না করি যাতে একজন সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাদের বদনাম হয়। এ ছাড়াও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মের দায় সম্পূর্ণ সরকারের উপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। তাই এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

ভূমি মন্ত্রণালয় ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন )আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।

ডিবিটেক/এএসকে/এমইউএম