টেক্সাসে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল

টেক্সাসে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল
১৫ নভেম্বর, ২০২৫ ১২:৪১  

ওপেনএআইসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবল প্রতিযোগিতার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রযুক্তি জায়ান্ট গুগল। ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে এই বিনিয়োগ সম্পন্ন হবে। খবর রয়টার্স।

গুগল জানিয়েছে, নতুন ডেটা সেন্টারগুলোর একটি নির্মাণ হবে আর্মস্ট্রং কাউন্টিতে এবং বাক দুটি হ্যাসকেল কাউন্টিতে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, এই উদ্যোগ টেক্সাসে হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে, কলেজ শিক্ষার্থী ও ইলেকট্রিক্যাল শিক্ষানবিসদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং জ্বালানি খাতে ব্যয় কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি মিদলথিয়ান ক্যাম্পাস ও ডালাস ক্লাউড রিজিওনেও অতিরিক্ত বিনিয়োগ করা হবে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, গুগলের এই উদ্যোগ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এককভাবে তাদের সর্বোচ্চ বিনিয়োগ, যা জ্বালানি দক্ষতা ও কর্মশক্তি উন্নয়নে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রে এ বছর প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করছে। এর মধ্যে অ্যানথ্রপিক ৫০ বিলিয়ন ডলার এবং গুগল সম্প্রতি জার্মানিতে ৫.৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলছেন, এআই খাতে বিনিয়োগের বৃদ্ধি যদি ব্যবহারের হারের সঙ্গে সামঞ্জস্য না রাখে, তাহলে এই ব্যয় অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।

ডিবিটেক/বিএমটি