আসছে স্যাটেলাইটনির্ভর আইফোন!

আসছে স্যাটেলাইটনির্ভর আইফোন!
১০ নভেম্বর, ২০২৫ ১০:১৩  

অ্যাপল তাদের আইফোনে স্যাটেলাইটভিত্তিক আরও উন্নত সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে। বর্তমানে আইফোনে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো, সাহায্য চাওয়া এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সুবিধা থাকলেও, কোম্পানিটি এখন আরও বিস্তৃত ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান। খবর টেকক্রাঞ্চ।

উন্নয়নে থাকা নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে— এমন একটি এপিআই যা ডেভেলপারদের নিজেদের অ্যাপে স্যাটেলাইট সংযোগ ব্যবহারের সুযোগ দেবে, সেল নেটওয়ার্ক বা ওয়াইফাই ছাড়াই কাজ করবে এমন একটি অ্যাপল ম্যাপস সংস্করণ, মেসেজিংয়ে ছবি পাঠানোর সুবিধা এবং এমন প্রযুক্তি যা ফোন আকাশের দিকে সরাসরি না থাকলেও স্যাটেলাইটের সঙ্গে সংযোগ বজায় রাখতে সক্ষম হবে।

এই ফিচারগুলো চালু হলে প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায়ও ব্যবহারকারীরা সহজে নেভিগেশন, যোগাযোগ ও জরুরি সহায়তা পেতে পারবেন। এছাড়া ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে স্যাটেলাইটের মাধ্যমে ৫জি নেটওয়ার্ক উন্নত করার পরিকল্পনাও রয়েছে, যা কভারেজ আরও বিস্তৃত করবে।

প্রাথমিক স্যাটেলাইট সুবিধাগুলো বিনামূল্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে, তবে উন্নত সেবা পেতে গ্রাহকদের মোবাইল অপারেটরের মাধ্যমে অতিরিক্ত খরচ দিতে হতে পারে। অ্যাপলের স্যাটেলাইট পার্টনার গ্লোবালস্টারকেও এই অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করছে অ্যাপল নিজেই।

ডিবিটেক/বিএমটি