গুগলের গ্লোবাল বিজনেস ইউনিটের ২০০ কর্মী ছাঁটাই

গুগলের গ্লোবাল বিজনেস ইউনিটের ২০০ কর্মী ছাঁটাই
৮ মে, ২০২৫ ১৭:৫৯  
৮ মে, ২০২৫ ১৩:০০  

গুগল তাদের বৈশ্বিক ব্যবসা ইউনিটে প্রায় ২০০ কর্মী ছাঁটাই করেছে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। ইউনিটটি মূলত বিক্রয় ও অংশীদারিত্ব কার্যক্রম পরিচালনা করে। মঙ্গলবার এই ছাঁটাই কার্যকর হয়। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গ্রাহকদের আরও দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে দলগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সীমিত আকারে কিছু পরিবর্তন আনা হয়েছে।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে অন্যান্য খাতে বিনিয়োগ কমাচ্ছে। গত মাসেও গুগল তাদের প্ল্যাটফর্ম ও ডিভাইস ইউনিটে শতাধিক কর্মী ছাঁটাই করেছিল, যেখানে অ্যান্ড্রয়েড, পিক্সেল ও ক্রোম ব্রাউজার অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বিশ্বব্যাপী ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। ২০২৪ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর সংখ্যা ছিল ১,৮৩,৩২৩। 

প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের এই ধারা অব্যাহত রয়েছে মেটা, মাইক্রোসফট, অ্যামাজন ও অ্যাপলের মতো অন্যান্য কোম্পানিতেও।

ডিবিটেক/বিএমটি