মোবাইল গেমিংয়ের বাজার কমেছে

৮ আগষ্ট, ২০২২ ০০:১৫  
চলতি বছরের প্রথমার্ধে মোবাইল গেমিংয়ের বাজার ১০ শতাংশ কমেছে। এ সময় অধিকাংশ গেমের ডাউনলোড উল্লেখযোগ্য হারে কমেছে। সম্প্রতি সেন্সর টাওয়ারের গেম ইন্টেলিজেন্স তথ্য সূত্রে এটি জানা গেছে। খবর আইএএনএস। প্রকাশিত খবরে বলা হয়, এক বছরের ব্যবধানে মোবাইল গেমিংয়ের বাজার ৯ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১৪০ কোটি ডলারে নেমেছে। এর মধ্যে আর্কেড ও টেবিলটপ ক্যাটাগরির গেমগুলো মুনাফা অর্জন করতে পেরেছে। অ্যাপলইনসাইডারের তথ্যানুযায়ী, আর্কেড গেমের আয় আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৭ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। হাইপারক্যাজুয়াল ও আরপিজি গেমগুলোর আয় ও মুনাফা কমেছে। বছরের প্রথমার্ধে রেসিং গেমগুলো সবচেয়ে বেশি ২৮ দশমিক ৮ শতাংশ রাজস্ব বাজার হারিয়েছে। অন্যদিকে জিও অবস্থানভিত্তিক ও অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক গেমগুলো একই সময়ে ২৬ শতাংশ বাজার হারিয়েছে। রাজস্বের পাশাপাশি আগের বছরের তুলনায় চলতি বছর গেম ডাউনলোডের পরিমাণ ২ দশমিক ৫ শতাংশ কমে ২৪০ কোটিতে নেমে এসেছে। শুধু দ্বিতীয় প্রান্তিকে আয় ১১ দশমিক ৪ শতাংশ কমে ৫৬০ কোটি ডলারে নেমে গিয়েছে। এছাড়া গেম ডাউনলোডের পরিমাণ ১২০ কোটিতে নেমেছে। ডিবিটেক/বিএমটি