প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ ইউনিভার্সাল ইয়ুথ লিডারশীপ সামিটে
উদ্ভাবন আর প্রযুক্তির শক্তিতে নতুন পৃথিবী গড়ে তুলবে আগামীর তারুণ্য। আর এ জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হলো এবারের ইউনিভার্সাল ইয়ুথ লিডারশীপ সামিটে।
ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্ট এর আয়োজনে ও ইয়ুথ হাব’ এর সহযোগিতায় সোমবার মালোয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে শেষ হয় ৩ দিনের এই সম্মেলন।
এর আগে মালয়েশিয়ার সান্তা গ্র্যান্ড সিগনেচার হোটেলে বাংলাদেশ সহ বিশ্বের ২০টি দেশ থেকে ১৫০ জন যুব প্রতিনিধির সামনে তারুণ্যের নেতৃত্বে উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহারের দিক নির্দেশনা তুলে ধরেন ইয়ুথ হাব এর সভাপতি পাভেল সারওয়ার।
কুয়ালালামপুরে ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা শেরীন শামলার সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
সম্মেলনের প্রথম দিন অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সমাজকর্মী ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী।
সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি ও ৩য় দিন অনুঠিত হয় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে। শেষ দিনে বিভিন্ন সামষ্টিক কার্যক্রম, অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সামিটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিয়া পাবলিক সেক্টর ও মালয়েশিয়ান রিসার্চ এক্সেলেটর ফর টেকনোলজি এন্ড ইনোভেশন এর সিনিয়র ম্যানেজার খায়রুল মাজওয়ান বিনতি ইব্রাহিম পাতি, মুসলিম ফিলিপিনো জাতীয় কমিশনের ব্যুরো পরিচালক, কোসানি মোরতাবা, মেট্রো ম্যানিলা ফিলিপাইনের মেরি জনস্টন হাসপাতালের ইন্টারনাল মেডিসিন, দেরোগনগান, প্রিন্সেস হানিফা কে. সাবদুল্লাহ, অঞ্জা এথেনা হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা, আঞ্জা জুলিয়াহ আবু বকর ও উদ্যোক্তা ও লেখক এস এম বেলাল উদ্দিন।
সামিটে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল কন্টিনেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, টেক সাথী, জেসিআই ঢাকা ওয়েস্ট, স্কুল অব বিসনেজ এন্ড ইকোনমিক্স অ্যাসোসিয়েশন - ইউপিএম ও অর্কিড এশিয়া ইনফোটেক।