তৈরি হচ্ছে করোনার ডিজিটাল ম্যাপ
দেশে করোনাভাইরাস ঝুঁকির সম্ভাব্য এলাকা চিহ্নিত করতে ডিজিটাল ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্যেই রোববার থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছ থেকে খুদে বার্তা ও আইভিআর কলের মাধ্যমে স্বাস্থ্য তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। পাশাপাশি করোনা.গভ.বিডি ওয়েব ছাড়াও দেশের জনপ্রিয় কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন এবং শর্টকোড ও হটলাইনগুলোও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছে।
বিগ ডেটা অ্যানালিটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে এই ম্যাপ তৈরিতে চালকের ভূমিকায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশান প্রোগ্রাম বা এটুআই। অপরদিকে স্বেচ্ছা তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় সহায়তা করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং প্রতিটি মোবাইল ফোন অপারেটর। এছাড়াও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার এবং স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই কাজে সহযোগিতা করছে।
এ বিষয়ে এটুআইএ-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী জানিয়েছেন, গ্রাহকের মোবাইল ফোনের ১৫ ডিজিটের আইএমআই ও তার জিওগ্রাফিক্যাল লোকেশন ব্যবহার, বিগ ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এই ম্যাপটি তৈরি করা হচ্ছে। ম্যাপটির মাধ্যমে সহজেই বোঝা যাবে দেশের কোন এলাকাগুলো ঝুঁকিপূর্ণ এবং কোন এলাকা কম ঝুঁকিতে আছে। একইসঙ্গে আক্রান্ত কেউ যদি এলাকার বাইরে চলে যেতে চান তার মুভমেন্টও অনুসরণ করা যাবে। আর এই ম্যাপটির নির্ভুলতার পরিমাণ হবে ৯৫ থেকে ৯৮ শতাংশ।