ছয় মিনিটে ৩ লাখ টাকা জিতলেন ঢাবি শিক্ষার্থী ইমতিয়াজ পাশা

২৫ জুলাই, ২০২০ ১৮:১১  
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ দফা’ শিরোনামে অনুষ্ঠিত অনলাইন কুইজের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার ‘শতবর্ষে শত পুরস্কার’শীর্ষক এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ৩৭জনই নারী। এদের মধ্যে একজন লাখপতি হয়েছেন। ছয় মিনিটের মধ্যে সর্বাধিক প্রশ্নের সঠিক জবাব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ পাশা। পর্যায়ক্রমে দুই লাখ টাকার ২য় পুরস্কার জয়ী হয়েছেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালহা জোবায়েদ, এক লাখ টাকার ৩য় পুরস্কার জয়ী মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিব, পঞ্চাশ হাজার টাকার ৪র্থ পুরস্কার জয়ী নওগাঁর প্রকৌশলী মোঃ রায়হান হোসেন এবং পঁচিশ হাজার টাকার ৫ম পুরস্কার জয়ী খুলনার রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক খুকু রাণী ঘোষ। আয়োজক সূত্রে জানাগেছে, কুইজ প্রতিযোগিতায় নিবন্ধিত ১লাখ ৯ হাজার ৯২৯ জন প্রার্থীর মধ্য থেকে ৪৬হাজার ৬৭৫ জন প্রতিযোগী সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।