গুজরাটে হবে টেসলার কারখানা

২ জানুয়ারি, ২০২৪ ১৯:৪২  

গুজরাটে প্রথম কারখানা তৈরির মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মাত্র ২০ লাখ রুপিতে মিলতে পারে টেসলা গাড়ি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নতুন বছরে ফের একবার ভারতে টেসলার আগমন চর্চা শুরু হয়েছে। ভারতের বাজারে গাড়ি বিক্রি করার জন্য এর আগেও আগ্রহ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। এশিয়ায় মধ্যে দ্বিতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত। ইলেকট্রিক গাড়ির সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সেই দৌড়ে খুব শীঘ্রই নাম লেখাতে পারে মার্কিন অটোমোবাইল জায়ান্ট।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ভারতের মধ্যে প্রথম গুজরাটে কারখানা গড়ে তুলতে পারে টেসলা। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দিন যত এগোচ্ছে ততই ভারতে টেসলার আসা নিয়ে জল্পনা বাড়ছে। আরও জানা গিয়েছে, ভারতে টেসলা মডেল ৩ গাড়ির সাশ্রয়ী সংস্করণ আনতে পারে টেসলা।

ভারতেই গাড়ির ব্যাটারি পণ্য এবং সাপ্লাই সিস্টেম তৈরি করতে পারে টেসলা। যার ফলে গাড়ির দামও কম রাখতে পারবে তারা। সংবাদ সংস্থার সূত্রে খবর, ১০-১২ জানুয়ারি অনুষ্ঠিত ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে উপস্থিত থাকতে পারেন ইলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বড় ঘোষণা করতে পারেন তিনি।

ডিবিটেক/বিএমটি