ইন্টেল থেকে এএমডিতে ঝুঁকলো টেসলা

৩০ নভেম্বর, ২০২১ ০২:১৮  
এতোদিন মডেল ওয়াই গাড়িতে ইন্টেলের সিপিইউ ব্যবহার করতো মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা। তবে এবার চীনে রপ্তানি করা এই মডেলের ইনফোটেইনমেন্ট সিস্টেমে ব্যবহার করছে এএমডি রাইজেন প্রসেসর। তবে টেসলার চিপ পরিবর্তনের মূল কারণ এখনও পরিষ্কার নয়। বৈশ্বিক চিপ সঙ্কটের মুখে টেসলা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অথবা খরচ কমানোর জন্য এএমডির শরণাপন্ন হয়েছে- এমনটাও হতে পারে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। । এএমডি-তে পরিবর্তনটি কি শুধু চীনের জন্য না কি বিশ্বের অন্যান্য স্থানেও হবে সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি সংবাদ মাধ্যমটি। বর্তমানে টেসলার কোনো জনসংযোগ বিভাগ না থাকা এবং সাম্প্রতিক সময়ে সংবাদ প্রকাশের আগে মন্তব্য প্রাপ্তির ক্ষেত্রে টেসলা কর্তাদের কাছ থেকে সাড়া না পাওয়ার কথা বলা হয়েছে সংবাদে। খবরে প্রকাশ, বাড়তি কম্পিউটার সক্ষমতার বিষয়টি হয়তো চোখে পড়তে পারে নতুন টেসলা মালিকদের। তবে, টেসলা ‘মডেল ওয়াই’-তে সর্বশেষ ‘মডেল এস’ এবং ‘এক্স’-এ থাকা রাইজেন এপিইউ ব্যবহার করা হয়েছে কি না তা জানা যায়নি।