এখতিয়ারবহির্ভূত তথ্য সংগ্রহের অভিযোগে ৩৪ জনকে শোকজ
এনআইডি তথ্য সংগ্রহে চারজন বরখাস্ত
- এখতিয়ারের বাইরে এনআইডি তথ্য সংগ্রহে চারজন সাময়িক বরখাস্ত।
- একই ঘটনায় ৩৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ।
- আরও ১০ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে ইসি।
জাতীয় তথ্যভাণ্ডার (এনআইডি) থেকে নাগরিকদের তথ্য এখতিয়ারের বাইরে সংগ্রহের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই ঘটনায় আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
২ সেপ্টেম্বর, বুধবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদের সই করা পৃথক চিঠিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।
ইসির অভিযোগ, তারা সার্ভার থেকে তাদের এখতিয়ারের বাইরে এনআইডি তথ্য সংগ্রহ করেছেন।
একই ধরনের অপরাধের অভিযোগে আরও ৩৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া একই ঘটনায় আরও ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। সরকারি এনআইডি পোর্টালেও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০-এর অধীনে জাতীয় পরিচয়পত্র ও নাগরিক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়।
//ডিবিটেক/বিএনও/এসএমই//





