এক হাজার কর্মী ছাঁটাই করছে স্ন্যাপ

এক হাজার কর্মী ছাঁটাই করছে স্ন্যাপ
১৬ এপ্রিল, ২০২৬ ০৯:২৫  
১৬ এপ্রিল, ২০২৬ ১১:২৯  

অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীর চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাড়তি ব্যবহারের ফলে স্ন্যাপ তাদের ১ হাজার কর্মী ছাঁটাই করছে। বুধবার (১৫ এপ্রিল) কোম্পানিটি জানায়, স্ন্যাপের মোট পূর্ণকালীন কর্মীর ১৬ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন। পাশাপাশি ৩০০টির বেশি শূন্যপদও বন্ধ করে দেওয়া হবে।

মাত্র কয়েক সপ্তাহ আগে আইরেনিক ক্যাপিটাল ম্যানেজমেন্ট স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠানটিকে তাদের পোর্টফোলিও অপটিমাইজ করতে এবং কর্মক্ষমতা বাড়ানোর চাপ দেয়। স্ন্যাপে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক স্বার্থ প্রায় ২.৫ শতাংশ।

স্ন্যাপের প্রধান নির্বাহী ইভান স্পিগেল জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে এআই ব্যবহার এবং কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে বার্ষিক ব্যয় ৫০ কোটি ডলারের বেশি কমানো সম্ভব হবে। স্ন্যাপের শেয়ার ৫.৮ শতাংশ বেড়েছে। যদিও চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রায় ৩১ শতাংশ কমেছে।

স্ন্যাপ জানিয়েছে, এআই প্রযুক্তি তাদের কার্যক্রম সহজ করতে এবং ছোট দল নিয়ে কাজ করতে সাহায্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিটির ৬৫ শতাংশের বেশি নতুন কোড তৈরি করছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের খরচ পড়বে ৯.৫ কোটি থেকে ১৩ কোটি ডলার, যা মূলত দ্বিতীয় প্রান্তিকে দিতে হবে।

আইরেনিক ক্যাপিটাল স্ন্যাপের অগমেন্টেড রিয়েলিটি গ্লাস ইউনিট ‘স্পেক্স’ বন্ধ বা বিক্রির জন্যও চাপ দিচ্ছে। স্ন্যাপ স্পেক্স ইউনিটে ৩৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই ইউনিটটি বিক্রির বিষয়ে ইলন মাস্কের এক্স এর সঙ্গে আলোচনা করছে স্ন্যাপ।

লেঅফস ডট এফওয়াইআই-এর তথ্য অনুযায়ী, এআই কর্মপ্রক্রিয়া স্বয়ংক্রিয় করায় এখন পর্যন্ত ৮০টি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রায় ৭১ হাজার ৪৪০ জন কর্মী ছাঁটাই করেছে। গত মাসে মেটা প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে এবং অ্যামাজন তাদের ম্যানেজমেন্ট লেয়ার কমানোর সিদ্ধান্ত নেয়।

স্ন্যাপ সোমবার প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে। স্ন্যাপের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মীদের বুধবার বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।

ডিবিটেক/বিএমটি  ।   সূত্র: রয়টার্স