সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরীর তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনও আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’
স্থানীয় সূত্রে প্রকাশ, সন্ধ্যার দিকে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, বিটিসিএল ভবনের পাশের বাংলাদেশ ব্যাংকের বাউন্ডারি দেওয়ালের উপর কাটাতারের ওয়েল্ডিং করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
পরে বিটিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিহির রায় বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।’
ডিবিটেক/ডিপি/ইক



