‘গ্রেফতার হতে পারেন তারা’
নজরদারিতে আছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা।
শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
তিনি বলেছেন, গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এই তিনজনসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় তাহসান শবনম ফারিয়া হচ্ছেন তালিকার সাত, আট ও নয় নম্বর আসামী। যেহেতু মামলা হয়েছে তারা আমাদের নজরদারিতে আছেন। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন।
সাদ স্যাম জানিয়েছেন, ইভ্যালির চিফ গুডনেস অফিসার-সঙ্গীত শিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোস্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা-অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।
এ মামলার এক নম্বর আসামি ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থআত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।