সেপ্টেম্বরে ৫ম আন্তর্জাতিক জীবপ্রযুক্তি সম্মেলন

২৯ আগষ্ট, ২০২৩ ১৭:০৩  

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ৫ম আন্তর্জাতিক জীবপ্রযুক্তি সম্মেলন। এবারের বিষয়: কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রে জীবপ্রযুক্তি। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে জিএনওবিবি, বাংলাদেশ বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এবং ফেডারেশন অব এশিয়ান বায়োটেক এসোসিয়েশনস (এফএবিএ)।

সম্মেলনের প্রথম দুদিনের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটাতে সক্ষমতা অর্জন ও জনসচেতনতা তৈরি’। এই সেশনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম বা জিএমওর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ক্রিসপার (CRISPR) প্রযুক্তির ব্যবহার হাতে কলমে দেখানো হবে। তৃতীয় দিনের আলোচনার মূল বিষয় ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’। ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতি হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগে অনুষ্ঠিত সংবাদ সেম্মেলনের এসব তথ্য তুলে ধরেন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টসের (জিএনওবিবি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। তিনি বললেন, ‘এবারের আয়োজনের একটা উদ্দেশ্য, আমাদের দেশের বিজ্ঞানীরা যেসব গবেষণা করছেন, সেগুলো সবার সামনে তুলে ধরা। পাশাপাশি দেশ-বিদেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিজ্ঞানীদের একসঙ্গে জড়ো করতে চাই আমরা।’

এসময় জিএনওবিবির মিডিয়া শাখার প্রধান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক লাইসা আহমদ লিসা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখয়ারি সরকার; জিএনওবিবির সাধারণ সম্পাদক, এফএবিএর সভাপতি ও আইসিডিডিআর,বির জৈবনিরাপত্তা ও বিএসএল ৩ গবেষণাগারের প্রধান আসাদুলগণি এবং বিবিবিএসের সভাপতি চন্দন কুমার রায় উপস্থিত ছিলেন।