সিন্ডিকেট ভাঙতে ‘বাজারদর’ অ্যাপটি সরকারকে দিতে চান উদ্ভাবক, উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৫  

বাজার সিন্ডিকেট ভাঙার লক্ষ্য নিয়ে পণ্যের সঠিক দাম নিরুপন ও নিশ্চিত করতে একটি অ্যাপ বানিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র শিক্ষার্থী মোঃ ইব্রাহিম মোল্লা। ডিআইআইটি’র সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থীর তৈরি অ্যাপটির নাম “বাজারদর”। ইন্টারনেট সংযোগ ছ্ড়াাই আগের ডাটা লোডের মাধ্যমে কাজ করতে সক্ষম অ্যাপটি। এখন এই অ্যাপটি দেশের জন্য নিবেদন করতে চায় সে।

এজন্য সপ্তাহ দুয়েক আগে আইসিটি, টেলিকম ও তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর মেইলও করেছেন তিনি। তবে সাড়া না পেয়ে দ্বারস্থ হয়েছে গণমাধ্যম কর্মীদের।

উপদেষ্টার দৃষ্টি কাড়তেই বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির মিরপুর রোডের ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে গণমাধ্যমের সামনে অ্যাপটির বিস্তারিত তুলে ধরতে হাজির হয়েছিলেন ইব্রাহিম। আর তার এই মহতী উদ্যোগে পাশে রয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

সেই লক্ষ্যেই ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অ্যাপটির সফলতা কমানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইআইটি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ ইমরান হোসেন, এমবিএ কোর্সের প্রধান মোঃ ওমর ফারুক ও বিবিএ কোর্সের প্রধান লক্ষণ চন্দ্র রবি দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান জানালেন, ইব্রাহিম মোল্লা তার তৈরি করা এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে আগ্রহী।

উপস্থানায় অ্যাপের উদ্ভাবক মোঃ ইব্রাহিম মোল্লা জানালেন, অ্যাপটি শুধু গ্রাহকদের সঠিক বাজারমূল্য-ই জানাতে সক্ষম তা নয়, বরং এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজারে গিয়ে অতিরিক্ত দাম চাইলে গ্রাহক সহজে সরকার নির্ধারিত মূল্য পরিসর দেখতে পারবেন ব্যবহারকারী।

কিন্তু এজন্য জেলা তথ্য অফিস, কৃষি বিপনন অধিদপ্তর ও ভোক্তা অধিপ্তরের সহযোগিত প্রয়োজন বলে জানান তিনি। এ জন্যই তিনি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে একটি মেইল করেছেন বলে জানান ডিজিবাংলাটেক.নিউজকে। তিনি বলেন, উপদেষ্টা মহোদয় সময় দিলে আমি এটি তাকে দেখিয়ে সরকারের কাছে হস্তান্তর করে দিতে চাই। কেননা, এ ধরনের কোনো প্লাটফর্ম এখনো তাদের নেই। এটা থাকলে সহজেই বাজার সিন্ডিকেট সবার সামনে দৃশ্যমান হয়ে যাবে।

উদ্ভাবক মোঃ ইব্রাহিম মোল্লা জানান, এটি ব্যবহারকারীদের সঠিক মূল্য নিশ্চিত করতে সহায়ক এবং অতিরিক্ত দাম থেকে রক্ষা করবে। খাদ্যদ্রব্যের জেলাভিত্তিক সঠিক মূল্য তালিকা প্রদান ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নির্ধারিত যোগাযোগ নম্বর দেখাবে। অর্থাৎ, যদি কোন দোকানদার অতিরিক্ত দাম দাবি করে, গ্রাহক সহজেই সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। জেলাভিত্তিক খাদ্য মূল্যের তথ্য সংগ্রহ করা যাবে এ অ্যাপের মাধ্যমে। তাই আমি তথ্য সঞ্চালনের এই অ্যাপটি দেশের কল্যাণে সরকারকে দিয়ে দিতে চাই।