সঠিক তথ্য-উপাত্ত হালনাগাদের তাগিদ

১৭ অক্টোবর, ২০১৯ ১১:২৮  
বৈশ্বিক সূচকে দেশের উন্নতি করতে তথ্য-উপাত্ত সঠিক ‍ও নিখুঁত ভাবে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।   এটুআই ও  বিবিএসের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিবিএস অডিটোরিয়ামে বৈশ্বিক সূচক বিষয়ক কনসালটেশন কর্মশালায় এই পরামর্শ দেন বক্তারা। কর্মশালায় বৈশ্বিক সূচকের প্রাতিষ্ঠানিকীকরণ-এর রোডম্যাপ বিশ্লেষণ, দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান গুলোকে বৈশ্বিক সূচকের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদান, বিভিন্ন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির জন্য সুপারিশমালা ও দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। কর্মশালায় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, ‘দেশের অনেক অর্জন সঠিক ও হালনাগাদ তথ্য-উপাত্তের মাধ্যমে তুলে না ধরার কারণে বিভিন্ন আন্তর্জাতিক সূচকসমূহে বাংলাদেশের অবস্থান যথাযথভাবে সবসময় প্রতিফলিত হয়না। জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি এসডিজিসহ সকল আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থানকে যথাযথভাবে তুলে ধরতে সঠিক, মান সম্পন্ন এবং হালনাগাদ উপাত্ত সরবরাহের বিষয়টি সমন্বয় করছে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের সাফল্য আছে অনেক। সঠিক ও হালনাগাদ তথ্য উপাত্তের মাধ্যমে আমাদের সেগুলো তুলে ধরতে হবে। আন্তর্জাতিক সূচকে অনেক জায়গায় আমাদের অবস্থান উন্নত হবে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম সঠিকভাবে তথ্য-উপাত্ত তুলে ধরার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের পারফরম্যান্স ভালো।বৈশ্বিক সূচকে উন্নতি করতে গেলে আমাদের রিপোর্টটা সঠিক ও নিঁখুতভাবে তুলে রাখতে হবে।’ ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, ‘আগের যে কোনো সময়ের চেয়ে বিশ্বের সব দেশ এখন একে অন্যের সঙ্গে বেশি কানেক্টেড। আর সেটা সম্ভব হয়েছে এসডিজির কারণে। এসডিজি লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ব্যাপারে জাতিসংঘ বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে এগিয়ে এসেছে।’