লেনদেন পেপারলেস করতে বাড়ানো হবে ডিজিটাল ব্যাংক

৬ জুন, ২০২৪ ২০:০৩  

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর দুটি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইনটেন্ট দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাংকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ডিজিটালাইজেশনের কাজ চলছে। ইতিমধ্যে লেনদেনে আধুনিক ছোঁয়া লেগেছে। লেনদেনে এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। মানুষ ঘরে বসেই লেনদেন করছে। এরই ধারাবাহিকতায় সরকার আগামী ২০২৭ সাল নাগাদ ৭০ শতাংশ লেনদেন পেপারলেস করতে চায়। ২০৪১ নাগাদ শতভাগ পেপারলেস লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অবইনটেন্ট দেয়া হয়েছে। এদের মধ্যে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে সম্প্রতি চূড়ান্ত লাইসেন্স পেয়েছে নগদ। আইনে বিশেষ ছাড় দিয়ে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। অপরদিকে চূড়ান্ত লাইসেন্স গ্রহণে কড়ি আরও ছয় মাস সময় চেয়ে নিয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, টানা ১৬তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট এটি।