লাইভে গোমর ফাঁস করলেন তামিম

২০ মার্চ, ২০২৪ ১৯:৫৩  

তামিম ইকবালের সঙ্গে মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর আলোচনা-সমালোচনা চলছিল দেশজুড়ে। ওই ঘটনার জেরে ভক্তদের কাছে নিজের অবস্থান জানাতে বুধবার সকালে লাইভে আসার ঘোষণা দেন তামিম।

অবশেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যায় লাইভে এসে সব খোলাসা করলেন দেশসেরা ওপেনার। তামিম জানান, মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনের প্রচারণায় ফোনালাপ ফাঁসের অভিনয় করেন তারা। লাইভে তামিম-মিরাজ ছাড়াও উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এই লাইভেও তাদের যুক্ত করায় নাটকীয়তা ছিলো তামিমের কণ্ঠে। নাটকীয়তার শেষ অঙ্কে তিনি জানান, ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন। এসব ঘিরেই মূলত এই ফোনালাপ।

মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে তামিম ও মিরাজের মধ্যকার একটি ফোনালাপ প্রকাশ করে প্রতিবেদন করা হয়। যেখানে শোনা যায়, কোনো এক কারণে সতীর্থ মুশফিকুর রহিমের ওপর ক্ষোভ প্রকাশ করছেন তামিম। নালিশ করছেন মেহেদী মিরাজের কাছে।

সেই ফোনালাপ প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই পক্ষে-বিপক্ষে নানা ধরনের মন্তব্য করতে থাকেন।