রেলসেবা অ্যাপে জাল টিকেট সনাক্ত
অনলাইন টিকিটিং সিস্টেম চালু হওয়ার পর প্রিন্টেড পিডিএফ কপিতে নানা ধরনের ফটোশপের কারসাজি করে লোক ঠকাত জালিয়াতরা। এবার এসবের দিন শেষ হয়ে গেল। কেননা টিকেট কালোবাজারি এবং জালিয়াতির বিরুদ্ধে অভিনব পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের অ্যাপ ‘রেলসেবা’র নতুন সংস্করণে টিকেট যাচাই করার ব্যবস্থা জুড়ে দেয়া হয়েছে। যাত্রীর টিকিট আসল নাকি জাল তা অ্যাপটির মাধ্যমে যাচাই করা যাবে। এতেকরে এক আসনে দুই যাত্রী দাবি করতে রেলের অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে।
অ্যাপটির মেন্যু অপশনে গেলে এই ‘ভেরিফাই টিকিট’ নামের ফিচার অপশনটি দেখা যাবে। এই অপশনে টিকিটের নম্বর/ফোন নম্বর/পিন নম্বর দিয়ে যাচাই করা যাবে।
‘ভেরিফাই টিকিট’র ফরমে প্রয়োজনীয় তথ্য দিলে সঙ্গে সঙ্গে টিকিটের আসল মালিকের নাম এবং মোবাইল নম্বর দেখাবে অ্যাপটি। এর ফলে ভুয়া টিকিটধারীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমর্পণ করা হবে।
বর্তমানে টিকিট যাচাইয়ের এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই রেলওয়ের অ্যাপটি আপডেট করতে হবে। আপডেট অ্যাপটিতে আরও একটি সুবিধা পাওয়া যাবে।
এত দিন কোচ নম্বর ইংরেজিতে লেখা থাকত। যেমন ‘ছ’ কোচের ক্ষেত্রে ইংরেজিতে লেখা হতো। ফলে এটা বুঝতে বহু মানুষের অসুবিধা হতো। এই কারণে সঠিক কোচ খুঁজতে গলদ্ঘর্ম হতেন অনেকেই। এবার ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা থাকবে কোচ নম্বর।