রবিশপের নামে ক্যাম স্ক্যাম
ইংরেজিতে একটি কথা আছে, “টু গুড টু বি ট্রু”। অতি ভালো যে সত্যি হতে পারে না তাই বলা হয়েছে এই প্রবাদে। প্রবাদ বাক্যকে আমলে না নিয়েই অলীক প্রলোভনের ফাঁদ পেতেছিলো অসাধু চক্র। অর্ধেক দামে বিকাচ্ছিলো মোবাইল ফোন; ল্যাপটপ আর মোটরসাইকেল। দেয়া হচ্ছিলো ভিভো, রিয়েলমি, টেকনো ও অপোর মতো পরিচিত ব্র্যান্ড পণ্যের লোভনীয় বিজ্ঞাপন।
বেসরকারি মোবাইল অপারেটর রবির নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ খুলে পাতা হয় প্রতারণার ফাঁদ। উভয় প্ল্যাটফর্মেই কেবল ডিজিটাল আর্থিক সেবা নগদের একটি পার্সোনাল নম্বর ব্যবহার করে মূল্য পাঠিয়ে দেওয়ার পরের দিন ডিভাইস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো।
রবি আজিয়াটা লিমিটেড এর robishop.com.bd ই-কমার্স সাইটের আদলে নকল robishop.cam (রবিশপ ডট ক্যাম) নামে ওয়েব সাইট তৈরি করে প্রতারণা করছে। ডোমেইন ভালো করে না দেখলে বোঝা দায় ছিলো, এটি ক্যাম নাকি কম।
এমন অভাবনীয় প্রলোভনে ভাইরাল হয় অফার। এর পর বিষয়টি নজরে আছে রবি কর্তৃপক্ষের। তবে বিশেষ এই ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইট প্রসঙ্গে ব্যবহারকারীরা পোস্ট দিয়ে বন্ধুতালিকার মানুষদের সতর্ক করলেও, অফার পোস্টের কমেন্ট সেকশনে চোখ বোলালেই– কম খরচে দামি ডিভাইস পাওয়ার আশায় আগ্রহ দেখানোর ভিড় বাড়ছিলো।
তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অভিযোগ পাওয়ার ঘণ্টা পার হতেই প্রতারকদের ফেইক ডোমেনই বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
আর এ ধরণের প্রতারকদের চিনতে ডোমেইন নামের বানান ও এক্সটেনশন ভালোভাবে দেখার পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস যাচাই করে পণ্য কেনার পরামর্শ দিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নগদ, বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানেই মূল্য পরিশোধ করতে হোক না কেন, সেটি কখনোই ‘পার্সোনাল’ অ্যাকাউন্ট হবে না। আর পেশাদারী ব্যবসা প্রতিষ্ঠানের ফেইসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার অ্যাকাউন্ট অবশ্যই ‘ভেরিফায়েড’ হতে হবে।