রবলক্স গেমে প্রচারণা চলছে ট্রাম্পের!

১ জুলাই, ২০২০ ১৬:৪৪  
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রচারণা চালাতে এবার অনলাইন মাল্টিপ্লেয়ার গেম রবলক্সকে লক্ষ্য বানিয়েছে হ্যাকাররা। গেমারের প্রোফাইলের দখল নিয়ে চলছে ট্রাম্পের প্রচারণা। হ্যাকিংয়ের শিকার গোমারদের দাবি তাদের প্রোফাইলে একটি বার্তা ঝুলিয়ে দেয়া হচ্ছে। যেখানে লেখা আছে- “আপনার বাবা-মাকে বলুন এবছর ট্রাম্পকে ভোট দিতে!” এবং “এমএজিএ২০২০” যার পূর্ণরূপ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। তবে হ্যাকিংয়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বিশ্বজুড়ে ১০ কোটির বেশি গেমারের প্লাটফর্ম রবলক্স কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, নয় থেকে ১৪ বছরের শিশুদেরকে লক্ষ্য করে গেমের অ্যাভাটরগুলো ব্যবহার করে এই প্রচারণা চলছে। হ্যাকিংয়ের শিকার প্রোফাইলের অ্যাভাটরগুলোকে গেমের বিভিন্ন অ্যাকসেসরির মাধ্যমে এমনভাবে সাজিয়েছে হ্যাকাররা, যা দেখতে ট্রাম্পের সমর্থক মনে হচ্ছে। এছাড়াও আমেরিকান ঈগলের ছবিযুক্ত টি শার্ট পড়তে সতর্ক করছে কিছু ক্যারেক্টার। সংবাদ সাইট ব্লিপিং কম্পিউটারকে কিছু গেমার বলেছেন, এখনও তারা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন এবং নিজেদের প্রোফাইল বদলে আগের মতো করতে পারছেন।