দেশজুড়ে মোবাইল ও ইন্টারনেট সেবামান অক্ষুন্ন রাখতে ভিডিও কনফারেন্সিংয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২৫ মার্চ) সচিবালায়ে নিজ অফিসে বসে তিনি বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ রফিকুল মতিন, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন প্রমুখের সঙ্গে যুক্ত হন।
বৈঠক বিষয়ে ডিজিবাংলা-কে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,
জুম প্লাটফর্মে আমার বিভাগের কর্মকর্তা ও সংস্থাপ্রধানগণ অংশ নিয়েছেন। বৈঠকটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর হয়েছে। এটি প্রতি মাসেই নিয়মিত হয়। প্রকল্পগুলোর অবস্থা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়। কোন কোন প্রকল্পে করোনার দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে। তবে বর্তমান অবস্থা দীর্ঘ্যস্থায়ী না হলে সেগুলো আমরা মোকাবেল করতে পারবো। নতুন প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এমনকি ছুটির সময়েও কাজ করবো। টেলিকম ও ইন্টারনেট সেবা যথাযথভাবে অব্যাহত রাখার জন্য সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেটের সাশ্রয়ী প্যাকেজ দেয়া ছাড়াও কুয়াকাটার সাথে ২০০ জিবিপিএস নতুন ব্যান্ডউইথ দেশের সর্বত্র সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, বাংলাদেশের দুঃসময়ে আমাদের ইন্টারনেট ও টেলিকম সেবাদাতারা জনগণের পাশে দাঁড়িয়েছে। কোন কোন প্রতিষ্ঠান ডাটার পরিমাণ দ্বিগুণ করেছে। কেউ কেউ অতি সাশ্রয়ী নতুন প্যাকেজ চালু করেছে। কথা বলার ক্ষেত্রেও কেউ কেউ সাশ্রয়ী প্যাকেজ চালু করেছে। আগামী দু-এক দিনের মাঝে আরও নতুন খবর বা সুসংবাদ পাবেন দেশবাসী।