বুয়েট ছাত্র নিহত

৭ অক্টোবর, ২০১৯ ০৯:৩৯  
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কয়েকজন সহপাঠী অচেতন অবস্থায় আবরারকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানাগেছে, দিনগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। মধ্য রাতের দিকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা কিরছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি জানান, জানান, সোমবার ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন তারা। নিহতের পায়ে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে বুয়েটের ডা. মাসুক এলাহী জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলেন তিনি। অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিকে নিহত আবরার ফরহাদ মুজাহিদের ফেসবুক ঘেঁটে দেখা গেছে সর্বশেষ ৫ অক্টোবর সে একটি পোস্ট লেখে। পোস্টের নিচে কেউ কেউ মন্তব্য করেছেন- ‘এ ধরনের সমালোচনা ই কি তার জন্য কাল হয়ে দাড়াল?’