বিটিআরসি-তে পাওনার ৫০ কোটি টাকা জমা দিয়েছে বাংলালিংক
অডিট আপত্তির ৮২৩ কোটি ৫ লাখ টাকা পাওনা দাবির ৫০ কোটি টাকা গ্রহণ করেছে বিটিআরসি। রোববার (৩০ জুলাই) বিকালে ২জি লাইসেন্সের পাওনা দাবির একাংশ হিসেবে নেয় নিয়ন্ত্রণ কমিশন।
চলতি বছরের ২৬ জুন বাংলালিংককে অডিট আপত্তির টাকা পরিশোধে চিঠি দেয় বিটিআরসি। প্রথমে অপারেটরটিকে ১০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়। পরে বাংলালিংক আবেদন করে কিছুটা সময় বাড়িয়ে নেয়। কিন্তু বৃহস্পতিবার (২৭ জুলাই) অডিট আপত্তির মূল টাকাসহ মোট ৪২৭ কোটি টাকা পরিশোধ করবে জানিয়ে ৫০ কোটি টাকা জমা দিতে গেলে বিটিআরসি তা গ্রহণ করেনি।
সূত্রমতে, হিসাব-নিকাশ হলে এই টাকা ফেরত নেবে এমন শর্ত থাকায় বিটিআরসি ওই দিন এই টাকা জমা না নিয়ে ফিরিয়ে দেয়।
এরপর ৩ দিনের সময় দিয়ে রোববার (৩০ জুলাই) বাংলালিংকের কাছে অডিট আপত্তির ৮২৩ কোটি ৫ লাখ টাকা চেয়ে চিঠি দেয় বিটিআরসি। এরপর বিকেলে কোনো শর্ত ছাড়াও ওই টাকা গ্রহণ করে।
প্রসঙ্গত, অডিটর নিয়োগের পর ১ বছর ৯ মাস পর চলতি বছরের ১৮ মে অডিট আপত্তির দাবি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিটিআরসি। এরপর ফাইন্যান্স ডিভিশনসহ সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে বাংলালিংকের কাছে টাকা দাবি করা হয়। মূল টাকাসহ পাওনার মোট ৪২৭ কোটি টাকার মধ্যে ২০০ কোটি টাকা আর বাকি ২২৭ কোটি টাকা তারা কিস্তিতে দেয়ার আবেদন করে। পাশাপাশি কিস্তির টাকা দেয়ার ক্ষেত্রে বিটিআরসির কাছে বিলম্ব ফি ছাড়ের দাবি করেছে অপারেটরটি। পাওনা দেয়ার ক্ষেত্রে বিলম্ব ফি মওকুফের আবেদন করে বাংলালিংক। এরপর একবারে পরিশোধ না করে প্রথমে ৫০ কোটি টাকা এবং সেটা সুরহা হওয়ার আগে আসল টাকা জমা দেয়ার ক্ষেত্রে অডিট আপত্তি শর্ত দেয়া হয়।





